
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে বিভাগীয় শাস্তির আওতায় আসা আরও তিন কর্মকর্তার দণ্ডাদেশ প্রত্যাহার করেছে সরকার। পাশাপাশি তাদের বিরুদ্ধে চলমান সব বিভাগীয় মামলার দায় থেকেও পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যেসব কর্মকর্তার শাস্তি প্রত্যাহার
দণ্ড মওকুফ পাওয়া তিন কর্মকর্তার মধ্যে রয়েছেন কর অঞ্চল-২-এর উপ কর কমিশনার নুশরাত জাহান শমী, চট্টগ্রামের কর অঞ্চল-৪-এর যুগ্ম কর কমিশনার মেসবাহ উদ্দিন খান এবং কর অঞ্চল-৭-এর অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা।
প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের ওপর দেওয়া বিভাগীয় দণ্ডাদেশ বাতিলের পাশাপাশি চলমান বিভাগীয় মামলাগুলোর দায় থেকেও পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
মোট ২৪ কর্মকর্তাকে দণ্ড থেকে অব্যাহতি
এনবিআর সংস্কার ও আন্দোলনকে ঘিরে একই ধরনের অভিযোগে এর আগে আরও ২১ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া শাস্তিও পৃথক পৃথক আদেশে মওকুফ করা হয়েছিল।
নতুন করে আরও তিন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল হওয়ায় এ পর্যন্ত মোট ২৪ জন কর্মকর্তা বিভাগীয় দণ্ড থেকে রেহাই পেলেন।
২০২৫ সালে এনবিআর সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনে অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা এবং সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল।
এসব মামলার পর অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। শাস্তির অংশ হিসেবে তাদের বেতন স্কেল দুই থেকে তিন ধাপ পর্যন্ত অবনমিত করা হয়েছিল।
রাষ্ট্রপতির কাছে আপিলের পর দণ্ড বাতিল
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের কয়েকজন রাষ্ট্রপতির কাছে আপিল করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি তাদের আবেদন মঞ্জুর করেন।
এর পরিপ্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দেওয়া দণ্ডাদেশ বাতিল এবং কয়েকজনকে চলমান বিভাগীয় মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।