
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আগামী সোমবারের নির্ধারিত বৈঠক বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকেলে ইসির উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে আন্তঃমন্ত্রণালয় সভায় আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। এরপর আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটিও বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাধারণ নির্বাচন নিয়ে ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ায় একই বিষয়ে পুনরায় আলোচনার প্রয়োজন নেই। এ কারণে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি বাতিল করা হয়েছে।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকটি ১৬ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। পরে সময় পরিবর্তন করে ২১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সেটিও বাতিল করা হলো।
ইসির চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।
ইসির পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদের ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।