
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে তিনি ঢাকার উদ্দেশে দুবাই ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন।
নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে তিনি মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও ছিল বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর ঢাকা ফেরার আগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
প্রধানমন্ত্রীর এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা গুরুত্ব পায়।
এ ছাড়া স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয়ও বৈঠকগুলোর আলোচনায় গুরুত্ব পেয়েছে।
মাহদী আমিন জানান, ইউএনজিএকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী আটটি কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি সাধারণ পরিষদের অধিবেশনের পার্শ্ববর্তী সময়ে আয়োজিত চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এর বাইরে ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
সফরকালে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
প্রথমবার ইউএনজিএর সাধারণ বিতর্কে ভাষণ
ইউএনজিএর ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভাষণ দেন। এর পাশাপাশি ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়েন তিনি।
নিউইয়র্কের কর্মসূচি শেষ করে দুবাই হয়ে এখন ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী।
যে ফ্লাইটে ফিরছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল জানান, প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
রোববার ভোর ২টা ১৫ মিনিটে (দুবাই সময়) ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
ফ্লাইটটির সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।
এসব কর্মসূচির মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।