
মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও দেড় মাসের বেশি বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত নিয়ম মেনে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নম্বরপ্লেট লাগাতে পারবেন মোটরসাইকেল মালিকরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সংস্থাটি। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট না লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান বাস্তবায়নে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে; কোনো শোভাবর্ধক নকশা বা অতিরিক্ত ডিজাইন করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বরের একটি অনুলিপি সামনের দিকে প্রদর্শন করা যাবে। উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ নম্বরটি উল্লেখ করেছে বিআরটিএ।
নতুন সময়সীমা অনুযায়ী, মোটরসাইকেল মালিকদের ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত মাপ ও নিয়ম অনুসরণ করে সামনের নম্বরপ্লেট সংযোজন করতে হবে।