
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় জালিয়াতির মাধ্যমে রায় নেওয়ার অভিযোগের ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ত্যাগ করতে নিষেধ করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে করা একটি রিট মামলায় রুল জারির পর কোনো শুনানি ছাড়াই রায় নেওয়ার জালিয়াতির ঘটনা ধরা পড়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিষয়টি নিয়ে শুনানিতে আপিল বিভাগ বলেন, প্রয়োজন হলে তৎকালীন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের বেঞ্চের দেওয়া সব রায় পুনর্বিবেচনা (রিভিউ) করা হবে।
জানা গেছে, ২০২৩ সালের অক্টোবর মাসে বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে একাধিক মামলায় যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ না করেই রায় নেওয়ার অভিযোগ ওঠে আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষ এসব রায়ের বিরুদ্ধে আপিল করার পর সংশ্লিষ্ট জালিয়াতির বিষয়টি সামনে আসে।