
নারীদের নিরাপদ যাতায়াতের সুযোগ বাড়াতে বিভিন্ন রুটে শীতাতপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক ভেহিকল (ইভি) পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাস পরিচালনার জন্য দক্ষ নারীচালক তৈরিতে সম্পূর্ণ বিনা মূল্যে ভারী মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত নারী প্রার্থীদের এক থেকে চার মাস মেয়াদে ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
ফাতেমা বেগম বলেন, নারীদের নিরাপদ পরিবহনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই বিআরটিসি নারীচালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। এ সেবার পরিধি বাড়াতে এবার শীতাতপ নিয়ন্ত্রিত ইভি পিংক বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, পিংক বাস সার্ভিস চালুর পর ব্যাপক সাড়া পাওয়া গেছে। মুনাফা অর্জন নয়, বরং মহানগরীসহ সারা দেশে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ সেবার মূল উদ্দেশ্য। বর্তমানে রক্ষণশীল পরিবারের সদস্যরাও নারীদের চালক হিসেবে প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এতে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা। এ লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বিআরটিসি তরুণদের দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ শেষে দেশে ও বিদেশে সম্মানজনক পদ ও বেতনে কাজের সুযোগ তৈরি হবে বলে জানান ফাতেমা বেগম।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) আওতায় নতুন চালকদের বিনা মূল্যে হালকা মোটরযান চালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ দুই প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এ প্রশিক্ষণ নিয়েছেন। তাঁদের অনেকেই দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
ফাতেমা বেগম আরও বলেন, বিভিন্ন জরিপে পুরুষদের তুলনায় নারীচালকদের বেশি সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের মতো পুরুষতান্ত্রিক মানসিকতাপ্রধান সমাজে গণপরিবহনে নারীচালক ও সহকারী থাকলে নারী যাত্রীরা বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।
এদিকে নারীচালকদের নতুন প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক প্রকৌশলী মুহাম্মদ মশিউজ্জামান বাসসকে বলেন, হালকা মোটরযানের লাইসেন্সধারী নারীচালকদের ভারী মোটরযান চালানোর প্রশিক্ষণ দিতে বিআরটিসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রশিক্ষণ শেষে তাঁরা ইভি পিংক বাস পরিচালনার সুযোগ পাবেন।
তিনি জানান, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজন সাপেক্ষে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিক চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রেও সংশ্লিষ্ট যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে এসব প্রার্থী অগ্রাধিকার পাবেন।
আবেদনের যোগ্যতা ও সময়সূচি
বিআরটিসি প্রশিক্ষণের জন্য ২১ থেকে ৩২ বছর বয়সী এবং কমপক্ষে পাঁচ ফুট উচ্চতার নারী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। তবে অভিজ্ঞ চালকদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য। আবেদনকারীদের কমপক্ষে এক বছর মেয়াদি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কর্মদিবসে সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে গাজীপুরের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরাসরি উপস্থিত হয়ে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় গাড়ি চালনার দক্ষতা যাচাই করা হবে।
আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১৫ নভেম্বর বিকেলে বিআরটিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য মহিলা হোস্টেলে সম্পূর্ণ বিনা মূল্যে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ শুরু হবে আগামী ১৭ নভেম্বর।