বঙ্গোপসাগরে আগামী ১৬ নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তীতে সাগরে আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ওড়িশা টিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’।
পূর্বাভাসে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর সাগরে অবস্থানকালে আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আইএমডি ইতোমধ্যে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের গতিপথের পূর্বাভাস প্রকাশ করেছে। তবে এটি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে অগ্রসর হবে কিংবা কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আবহাওয়াবিদেরা মনে করছেন, এটি আরও শক্তিশালী হয়ে উঠলে এর চূড়ান্ত গতিপথ এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে।