
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইজিপি পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
খেলাধুলার গুরুত্ব প্রসঙ্গে
আলী হোসেন ফকির বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো নৈপুণ্য দেখাতে নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজি গ্রেড-১ (ফিন্যান্স) এবং বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। চূড়ান্ত প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ. এন. এম. মারুফ আব্দুল্লাহ।
এ সময় শিশুরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
চার ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানারআপ যারা
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ।
তায়কোয়ানডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে কেএমপি। এ ইভেন্টে রানারআপ হয়েছে সিএমপি দল।
উশুতে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে, কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম রেঞ্জ। রানারআপ হয়েছে সিএমপি।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬ (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।