.png)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় গ্রেপ্তার হওয়া বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলম প্রসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সম্প্রতি একটি ফেসবুক পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন। ফেইসবুক পোস্টে রাকিব বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটায় বঙ্গভবনের ওই সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক (গ্রেপ্তার) করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি—যা প্রায় ৩৫ ঘণ্টা সময় অতিক্রম করেছে। জামায়াত আমিরের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্নপদস্থ চাকুরিজীবী।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি আরও বলেন, “আমাদের দাবি হলো, অনতিবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। সংবিধান ও সিআরপিসি অনুযায়ী, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রাখা যায় না। আমিরে জামায়াতের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্নপদস্থ চাকুরিজীবী। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই লোকটা যেহেতু বেআইনিভাবে আটক আছে, এখন আইনের বিধান হচ্ছে ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তি দেবেন।”
উল্লেখ্য, গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট প্রকাশিত হয়, যেখানে নারীদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে ভুয়া ও মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে।