
প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশে গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে। তিনি বলেন, “কিছু গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুতির খবর পেয়েছি। এটি গ্রহণযোগ্য নয়। এটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার পথে বড় বাধা।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে ইয়াতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা দেশকে এগিয়ে নিতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সরকারকে সর্বাত্মক সহায়তা করব। আর এর বিপরীত কিছু হলে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি আরও জানান, দেশের মানুষের ক্ষতির জন্য কোনো পদক্ষেপ হলে বিরোধী দল হিসেবে তারা ১৮ কোটি মানুষের পক্ষে থাকবে। “রাজনৈতিক মানবতার স্বার্থে মানুষের ক্ষতি হবে এমন কিছু হলে সরকার ও বিরোধী দল দূরে থাকবে,” বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “প্রত্যেক ভালো উদ্যোগে আমরা সরকারের পাশে থাকব। যেখানে প্রয়োজন, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে আমরা চাইনা সেই প্রতিরোধ গড়ে তুলতে।”
ইফতার মাহফিলে জামায়াত আমির টেবিলে টেবিলে ঘুরে ইয়াতিম ও আলেমদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।