
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদ নিয়ে বিভিন্ন গুঞ্জনের প্রেক্ষাপটে মুখ খুলেছেন বিএনপির প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, এই বিষয়টি সম্পর্কে তিনি কিছু জানেন না এবং এ নিয়ে ভাবছেনও না।
সাক্ষাৎকারে সঞ্চালক জানতে চাইলে, দীর্ঘদিন ধরে তার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় থাকায় এবং মন্ত্রীপরিষদে অন্তর্ভুক্ত না হওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন কি না, ড. মোশাররফ বলেন, “এর আগে কয়েকটি টেলিভিশন চ্যানেলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি দেশের কাজে কীভাবে ভূমিকা রাখতে চাই। তখনও আমি বলেছিলাম—দল যেভাবে দায়িত্ব দেবে, আমি সেভাবেই তা পালন করব।”
তিনি আরও বলেন, “আমাদের পার্টি আমাকে যেভাবে কাজে লাগাবে, যে দায়িত্ব দেবে আমি তা যথাযথভাবে পালন করব।”
রাষ্ট্রপতি হলে প্রথমে কী কাজ করবেন—এই প্রশ্নের জবাবে ড. মোশাররফ বলেন, “দেশে যে অন্যায় এবং দুর্নীতি চলছে, তা রোধে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারের অংশ হোক বা রাষ্ট্রপতি পদে থাকি—জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করাই মূল লক্ষ্য। দেশকে স্বনির্ভর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”
ড. খন্দকার মোশাররফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চারবার এমপি এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং ব্যক্তিগতভাবে জেলার মানুষের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।