
আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিপরীতে কারা লড়ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজেদের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে বড় চমক দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবারও কোনো রাজনৈতিক জোটের ছায়াতলে না গিয়ে, সম্পূর্ণ নিজস্ব শক্তিতে নির্বাচনী বৈতরণী পার হওয়ার বার্তা দিয়েছে দলটি।
আজ সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম প্রকাশ করেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম।
এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের নীতিগত অবস্থান পরিষ্কার করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘সারা দেশে স্থানীয় নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। আমরা কোনো জোটে যাবে না। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।’
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ধানের শীষ ও নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জ জানাতে লড়বেন ইসলামী যুব আন্দোলনের বর্তমান সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগরপিতার আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।