
দলীয় রাজনীতি, ব্যক্তিগত সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাকে উদ্দেশ্য করে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। তার দাবি, এসব সমালোচনার পেছনে এমন অনেক মানুষ রয়েছেন, যারা দলের দুঃসময়ে নিষ্ক্রিয় ছিলেন কিংবা আত্মগোপনে চলে গিয়েছিলেন।
রবিউল ইসলাম নয়ন লেখেন, ভালো কাজের প্রশংসা ও খারাপ কাজের যৌক্তিক সমালোচনা থাকা স্বাভাবিক। তবে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক আচরণ রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।
এদিকে শনিবার (১৬ মে) বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে কাকরাইল মোড়ে যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সেখানে গাড়িবহর পৌঁছালে রবিউল ইসলাম নয়নকে দৌড়ে গিয়ে স্যালুট দিতে ও স্লোগান দিতে দেখা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
পরে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে যুবদল নেতা বলেন, ‘আমি যদি একটা শরীর হই, তাহলে আমার হৃদপিণ্ড হচ্ছে জনাব তারেক রহমান। হৃদপিণ্ড ছাড়া যেমন শরীর অচল, তেমনি তিনি না থাকলে আমার অস্তিত্বও থাকত না।’
তিনি আরও দাবি করেন, বিগত সরকারের সময় তার বিরুদ্ধে ‘ক্রসফায়ারের নির্দেশ’ ছিল। সে সময় দলের অধিকাংশ নেতাকর্মী যোগাযোগ এড়িয়ে গেলেও তারেক রহমান দূরে থেকেও খোঁজখবর নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন।
নয়ন বলেন, ‘তিনি না থাকলে এতদিন আমার কবরে গাছ গজাতো।’
একই পোস্টে তিনি আরও লেখেন, সব সমালোচনার জবাব দেওয়া প্রয়োজন হয় না। কিছু ভুল ধারণা উপেক্ষা করাই ভালো এবং সব জায়গায় নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই।
ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।