
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আবারও কোনো বিদেশি শক্তির মুখাপেক্ষী করার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি দাবি করেন, অতীতে দেশকে ভারতের ওপর নির্ভরশীল করা হয়েছিল, বর্তমান সরকারও যদি একই পথে হাঁটে তবে জনগণ এর বিরোধিতা করবে।
শনিবার রাজধানীর বি এম এ মিলনায়তন-এ জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমান সরকার ক্ষমতায় আসতে কোথাও মাথা নত করেছে কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে সরকারের পররাষ্ট্রনীতি অবশ্যই বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে বলে আমরা আশা করি।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “শুধু পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ চালানো যায় না। জনগণের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।” তার অভিযোগ, সরকার শুরু থেকেই সংসদকে কার্যকরভাবে পরিচালনায় ব্যর্থ হয়েছে।
দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা বিরাজ করছে এবং হাম রোগে শত শত শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ। এ পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির দাবি জানান তিনি।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম আরও বলেন, ভারত বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। এজন্য নতুন চুক্তির মাধ্যমে পানির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি সংসদে আলোচনা না হওয়ায় সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ চুক্তি জনগণের সামনে উন্মুক্ত করা উচিত।