
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অকিল উদ্দিন ভূইয়াকে মারধর করেছে যুবদল কর্মীরা।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উপস্থিতিতে তার অনুসারীরা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলা পরিষদ প্রাঙ্গণে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রক্তদান, বৃক্ষরোপণ, বইমেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে অকিল উদ্দিন ভূইয়ার সঙ্গে যুবদল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে উপস্থিত সিনিয়র নেতারা পরিস্থিতি সামাল দেন। তবে সাময়িকভাবে থেমে যাওয়া উত্তেজনা শেষ পর্যন্ত মারামারিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, দুপুর ২টার দিকে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় অকিল উদ্দিন ভূইয়ার ওপর অতর্কিত হামলা চালানো হয়। কিল-ঘুষিতে তার ঠোঁট ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন। এ সময় তার পরনের জামাও ছিঁড়ে ফেলা হয়।
দলের সিনিয়র নেতার ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সন্ত্রাসীদের দল নয়, এখানে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না।
হামলার শিকার অকিল উদ্দিন ভূইয়া দাবি করেন, উদ্বোধনী অনুষ্ঠানে রনির সঙ্গে তার তর্কবিতর্ক হয়েছিল। পরে সিনিয়র নেতারা বিষয়টি মিটিয়ে দেন। এরপর প্রশাসকের কক্ষ থেকে তিনি ও রনি একসঙ্গে নিচে নামলেও রনির অনুসারীরাই তার ওপর হামলা চালায়।
অভিযোগের বিষয়ে জানতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।