
সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের এক মামলায় হাইকোর্ট প্রদত্ত জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে ‘নো অর্ডার’ দিয়েছেন আদালত।
রোববার (২১ জুন) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। শুনানিতে মমতাজ বেগমের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।
এর আগে গত ১৫ জুন আশুলিয়া থানার একটি হত্যা মামলা, একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।
পরবর্তীতে ওই তিন মামলার জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়। এর মধ্যে একটি মামলার শুনানি শেষে চেম্বার আদালত ‘নো অর্ডার’ প্রদান করেন, ফলে সংশ্লিষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ঢাকার বিভিন্ন থানায় হত্যা ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।