
ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এবং বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার মধ্য দিয়ে তিনি এ দায়িত্ব পান।
সংসদ নেতার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদের বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।
নবগঠিত কমিটিতে সভাপতিসহ মোট ১৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধান বিরোধী দল বিএনপির ১২ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
বিএনপির সদস্যরা হলেন ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, ভোলা-২ আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, নোয়াখালী-১ আসনের এ এম মাহবুব উদ্দিন খোকন, চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালালউদ্দিন, ময়মনসিংহ-৭ আসনের মো. মাহবুবুর রহমান, খুলনা-৪ আসনের এস কে আজিজুল বারী হেলাল, দিনাজপুর-১ আসনের মোহাম্মদ মনজুরুল ইসলাম, নওগাঁ-৩ আসনের ফজলে হুদা এবং ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন।
জামায়াতের পক্ষ থেকে কমিটিতে রয়েছেন সভাপতি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ছাড়াও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদিন, চুয়াডাঙ্গা-২ আসনের মো. রুহুল আমিন এবং কুড়িগ্রাম-১ আসনের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
সংসদীয় কার্যপ্রণালি অনুযায়ী, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের হিসাব, নিরীক্ষা প্রতিবেদন, সরকারি ব্যয়ের জবাবদিহি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আর্থিক অনিয়ম পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজেট-পরবর্তী সরকারি ব্যয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও কমিটির অন্যতম দায়িত্ব।