
ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মহারণের আগে মরক্কো শিবিরে দেখা দিল অপ্রত্যাশিত বিশৃঙ্খলা। তারকা ফুটবলার ব্রাহিম দিয়াজের সংবাদ সম্মেলন চলাকালে দুই সাংবাদিকের তুমুল বাগ্বিতণ্ডা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজকদের হস্তক্ষেপ করতে হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) এ ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে ব্রাহিম দিয়াজ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই উপস্থিত দুই সাংবাদিকের মধ্যে তর্ক শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত অন্য সাংবাদিকরা থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি।
একপর্যায়ে একজন সাংবাদিক চিৎকার করে বলেন, ‘তুমি আমাকে মারলে কেন? তুমি আমাকে মারতে পারো না।’ পরে তিনি আবার অভিযোগ করেন, ‘ও আমাকে মেরেছে।’ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা হস্তক্ষেপ করে দুজনকে আলাদা করেন।
কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার সংবাদ সম্মেলন শুরু হয়। তখন আগের প্রশ্নের উত্তর দিতে বলা হলে ব্রাহিম দিয়াজ হাসতে হাসতে বলেন, ‘সত্যি বলতে, আমি প্রশ্নটাই ভুলে গেছি।’
বিশ্বকাপজুড়ে নানা বিতর্কের মধ্যে এই ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে এমন পরিস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন উপস্থিত সাংবাদিক ও কর্মকর্তারা।
এদিকে মাঠের লড়াইয়ে শুক্রবার (১০ জুলাই) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। পাঁচ ম্যাচে ১৪ গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। দলের হয়ে সাত গোল করেছেন কিলিয়ান এমবাপে। অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে এবং স্বাগতিক কানাডাকে বড় ব্যবধানে পরাজিত করে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো।
তবে এই ম্যাচে মরক্কো পাবে না মিডফিল্ডার ইসমাইল সাইবারিকে। কানাডার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।
ম্যাচের আগে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, দল কোনো কৌশল গোপন করছে না। বলের দখল ধরে রেখে ফ্রান্সকে চাপে ফেলতে চান তারা। উইংয়ের পাশাপাশি মাঝমাঠ দিয়েও আক্রমণ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
ওয়াহবি বলেন, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারের সঙ্গে এবারের ম্যাচের তুলনা করা ঠিক হবে না। তার ভাষায়, ‘প্রতিটি ম্যাচ আলাদা। এবার দুই দলই আগের চেয়ে আরও শক্তিশালী।’