
ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশে সমর্থকদের উন্মাদনা যেন কোনোভাবেই সহিংসতা বা প্রাণহানির কারণ না হয়, সে আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, খেলা আনন্দের বিষয় হলেও সেটিকে কেন্দ্র করে দেশে আর কোনো প্রাণনাশের ঘটনা ঘটা উচিত নয়। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় ব্রাজিলের সমর্থকেরা এখন হতাশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে স্পিকারের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বর্তমানে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এ আসর ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিভিন্ন মাধ্যমে মানুষ খেলা উপভোগ করছেন এবং নিজেদের পছন্দের দলের প্রতি সমর্থন জানাচ্ছেন।
তবে এই উন্মাদনার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেন মো. আমিনুল হক। তিনি বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে কয়েকটি স্থানে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তার কাছে থাকা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
প্রতিমন্ত্রী বলেন, ‘খেলা আনন্দের বিষয়। এটি নিয়ে উৎসাহ-উদ্দীপনা থাকবে, উন্মাদনাও থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে তর্ক-বিতর্ক চলছে। ব্রাজিলের সমর্থকেরা তাদের দল হেরে যাওয়ায় হতাশ। তবে দেশের এই ফুটবল উন্মাদনা যেন শুধুই আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটিকে কেন্দ্র করে দেশে যেন আর কোনো প্রাণনাশের ঘটনা না ঘটে।’
সাম্প্রতিক সময়ে বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, মারামারি এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি।