
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। তবে দলটি ফাইনালে উঠলে আন্তর্জাতিক মঞ্চের সাফল্যের পরই ক্লাব ফুটবলে এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ২৯ জুলাই। আর্জেন্টিনা ফাইনালে খেললে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে মেসির ওই ম্যাচে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।
এমএলএসের নিয়ম অনুযায়ী, উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অংশ না নিলে তাকে পরবর্তী এমএলএস ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।
একই কারণে গত বছরও অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস কর্তৃপক্ষ।
চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন মেসি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে এমএলএস অল-স্টার ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
তথ্যসূত্র: বোলাভিপ