
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালকে স্বাগত জানিয়ে দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ চিরতরে বন্ধ করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, এ লক্ষ্য পূরণে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রয়োজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেওয়ায় সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহালের পথ বহাল থাকল। তার মতে, এ রায় দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কেবল রায়কে ইতিবাচক হিসেবে দেখলেই হবে না, বরং যে সাংবিধানিক সুযোগ ব্যবহার করে অতীতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছিল, সেই বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। তার ভাষ্য, নব্বইয়ের দশকের আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিদ্যমান সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই বাতিল করা হয়েছিল।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ এখনো বহাল রয়েছে। ভবিষ্যতে কোনো সরকার যাতে সেই সুযোগ ব্যবহার করতে না পারে, সে জন্য ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।