
‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন?’—কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের খবর সামনে আসার পর এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’
এরপর তিনি লেখেন, ‘আমি ক্রনোলজিটা বলে দিচ্ছি : বিএফআইইউ-দুদক-মামলা-ন্যারেটিভ-পারসেপশন-হয়রানি।’
আসিফ মাহমুদ আরও লেখেন, ‘একটা বার্তা দেওয়া হলো সকল ভবিষ্যৎ ভিক্টিমদের প্রতি, প্রতিবাদ করা যাবে না।’
বুধবার সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার বিষয়টি সামনে আসে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন ব্যাংকের কাছে তার হিসাবসংক্রান্ত তথ্য চেয়েছে।
এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ ঘটনায় এবং সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন।
স্টুডিওতে হামলার ঘটনায় সালমান চাঁদা দাবির অভিযোগ তুলেছিলেন। পরে এ বক্তব্যের বিষয়ে তার অবস্থান নিয়ে আলোচনা হয়। ওই ঘটনার পর আসিফ মাহমুদও সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের পক্ষে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।