
প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে এযাবৎকালের সেরা পরামর্শ বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশ একবাক্যে মেনে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ইশরাক।
পোস্টে ইশরাক বলেন, প্রথমে পদত্যাগের নির্দেশকে শাস্তি মনে হলেও প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন, একটি গণমাধ্যম ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাকে ঘিরে শক্তিশালী ও ক্ষতিকর পরিকল্পনা সাজিয়েছে। তার দাবি, ধারাবাহিক বিধ্বংসী প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তার চরিত্রহনন এবং তাকে জনসমালোচনার মুখে ফেলার ছক তৈরি করা হয়েছিল।
তিনি আরও দাবি করেন, ওই পরিকল্পনার মাধ্যমে শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি করে তাকে একঘরে করার চেষ্টা হতো। একপর্যায়ে তার রাজনৈতিক জীবনের অবসানও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অতীতে তার বিরুদ্ধে একই চক্রের অন্যায় পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রী তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন বলে জানান ইশরাক।
প্রধানমন্ত্রীর প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে ইশরাক বলেন, আল্লাহর রহমতে তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সব সময় তার জন্য কোনটি ভালো, তা বিবেচনায় রাখেন। জীবনে বারবার এর প্রমাণ পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে যাচ্ছিলেন। সেই কাজ থেকে সূত্রপাত হওয়া ভয়াবহ ষড়যন্ত্র থেকে নিজেকে সরিয়ে নিয়ে রক্ষা করতে পেরেছেন বলে মনে করছেন তিনি।
পোস্টের শেষাংশে ইশরাক বলেন, কেবল ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য তিনি এসব কথা বলছেন না; কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখছেন। নিজ দলের কেউ সুযোগসন্ধানী হয়ে আঁতাত করলে প্রমাণের ভিত্তিতে এবং অনুমতি নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ঢাকার রাজনীতিতে ‘ক্ষেতখামারের কূটচাল’ চলবে না বলেও মন্তব্য করেন সাবেক এই প্রতিমন্ত্রী।