
সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন জনগণ। আর সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই তার জবাব দেবে জনগণ। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়েই বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। এ পরিস্থিতিতে দেশ পুনর্গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিরোধী পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে। লং মার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এ সুযোগ কাজে লাগানো গেলে এক বছরের মধ্যে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব হবে।
বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও স্মরণ করেন চিফ হুইপ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।