
‘আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটি বলি। এটাই প্রমাণিত।’ এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান।
রোববার (২২ নভেম্বর) ফোনে এক কথোপকথনে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘বেজন্মারা আমার কথা না শুনেই একসময় আমরা ভারতীয় ছিলাম—এই বক্তব্যের অপপ্রচার করছে। বিএনপি কি এমন দল, যারা ফেসবুকের একটি কথায় বিভ্রান্ত হয়ে যাবে? এসব রাজাকাররা করছে। গত দুই থেকে আড়াই বছর ধরে যাদের বিরুদ্ধে আমি লড়াই করছি। দেশবাসীকে বলব, আমাকে বিশ্বাস করেন। যারা স্বাধীনতাবিরোধী শক্তি ও পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত ছিল, যাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়েছে, তাদের পরে যারা জন্ম নিয়েছে—তারাই আমার নামে এসব অপপ্রচার চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি খুব কঠিনভাবে কথাটা বললাম। এরা হলো বেজন্মা, রাজনৈতিক বেজন্মা। যারা আমার কথা না শুনে বক্তব্যের একটি অংশ কেটে নেয়।’
ফজলুর রহমান বলেন, ‘আমরা একসময় ভারতীয় ছিলাম—আমার বক্তব্য ছিল এমন। কিন্তু কথাটি কেটে দিয়ে লেখা হচ্ছে, ফজলুর রহমান বলেছেন, আমরা ভারতীয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাদের কী লাভ? এতে কি আমার নেতৃত্ব বা আমার দল বিভ্রান্ত হবে? বিএনপি কি এমন দল, যারা ফেসবুকের একটি কথাতেই বিভ্রান্ত হয়ে যাবে? আপনারা আমার পুরো বক্তব্য শুনুন, তারপর কথা বলুন। এসব তো রাজাকাররা করছে, যাদের বিরুদ্ধে আমি গত দুই থেকে আড়াই বছর ধরে লড়াই করছি।’
তিনি আরও বলেন, ‘রাজাকারের রাজত্ব কায়েমের স্বপ্ন পূরণ করতে পারছে না তারা। এ কারণে সবাই আমার বিরুদ্ধে লেগেছে। তাদের বলব, আগে আমার বক্তব্য শুনুন, তারপর বলুন—কোন জায়গায় আমার ভুল আছে। এসব নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
সবশেষে ফজলুর রহমান বলেন, ‘দেশবাসীকে বলব, আমাকে বিশ্বাস করেন। যারা আমার সম্পর্কে সঠিকভাবে জানেন, তারা এসব ভুয়া বক্তব্য বিশ্বাস করবেন না। আমি কোনো সময় বাজে কথা বলি না। ইতিহাসের সঠিক কথাটিই বলি। এটাই প্রমাণিত, বাংলাদেশ এবং প্রতিষ্ঠিত।’