
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল যৌথ সামরিক অভিযানের জন্য চাপ দিলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। নতুন করে হামলা চালানো হবে কি না, তা নিয়ে ওয়াশিংটনের নীতিনির্ধারকদের মধ্যে মতবিরোধ চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করছেন মধ্যস্থতাকারীরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট রোববার মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইরানে সম্ভাব্য সামরিক হামলা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার উদ্যোগ ব্যর্থ হলে নতুন করে হামলার অনুমতি দেওয়ার আগে নতুন বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে দ্রুত বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছেন। তাঁর ধারণা, এ ধরনের অভিযান ইরান সরকারকে দুর্বল করে দিতে পারে। এমনকি এর ফলে দেশটির সরকারের পতনও ঘটতে পারে।
তবে ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সামরিক অভিযান চালিয়ে ইরান সরকারের পতন ঘটানো সম্ভব কি না, তা নিয়ে তাঁদের মধ্যে একমত নেই। উপদেষ্টাদের একটি অংশ মনে করছেন, সামরিক হামলার পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখাই যুক্তরাষ্ট্রের জন্য বেশি কার্যকর হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযানের পক্ষেও অবস্থান করছে সংস্থাটি। রোববার ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আই২৪নিউজ।
এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, অনির্দিষ্টকাল সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার পরিবর্তে হামলা চালানো অথবা সতর্কতা প্রত্যাহার—এই দুই সিদ্ধান্তের যেকোনো একটি নিতে চায় সেন্টকম। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিকে ‘উদ্বেগ নিয়ে অপেক্ষা করার’ মতো বলে বর্ণনা করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা।
খারগ দ্বীপের কাছে ১৪টির বেশি তেলবাহী জাহাজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ও কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করছে ইরান। এর মধ্যেই দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছাকাছি এলাকায় ১৪টির বেশি তেলবাহী জাহাজ জড়ো হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। উপগ্রহের ছবি এবং জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে এ খবর পাওয়া গেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে জাহাজগুলো সত্যিই অবরোধ অতিক্রমের চেষ্টা করবে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে ইরানের জাহাজ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তারা এমন চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর বাকি জাহাজগুলোর মতো সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে।’
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় বসাতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে মিসর। এ প্রচেষ্টায় কাতার, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানও যুক্ত রয়েছে। রোববার মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানিয়েছেন।
সিএনএনকে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আলোচনার সুযোগ রয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং সমঝোতায় আসাও সম্ভব।’
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার সুযোগ এখনো রয়েছে।
একই দিন মন্ত্রিসভার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘কূটনীতির পথ এখনো খোলা রয়েছে।’
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নিয়ে ট্রাম্পের দাবি
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে।
পোস্টে তিনি লেখেন, ‘গত এক সপ্তাহে ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। চিন্তার কিছু নেই। সবগুলোই ভূপাতিত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হতে যাওয়া হাকিম জেফরিস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর ডেমোক্র্যাটরা এই সংঘাত বন্ধের উদ্যোগ নেবেন।
রোববার সিবিএস নিউজকে জেফরিস বলেন, ‘ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধের কারণে গ্যাস, খাদ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে।’