
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার অংশ হিসেবে মালয়েশিয়া সরকার ১১২টি দেশের ২ লাখ ৪২ হাজার ৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’-এর আওতায় ২০২৫ সালের ১৫ মে থেকে চলতি বছরের জুন পর্যন্ত এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে।
বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেওয়ান রাকইয়াতে এ তথ্য তুলে ধরেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র উপমন্ত্রী শামছুল আনোয়ার নাসারাহ।
তিনি জানান, প্রত্যাবাসন কর্মসূচিতে মোট ২ লাখ ৬৪ হাজার ১৯১ জন বিদেশি নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে অধিকাংশকেই ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
উপমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আরও সক্রিয়ভাবে কাজ করছে। নিয়মিত অভিযান পরিচালনা, আইন মেনে চলা নিশ্চিত করা, প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত সারা দেশে অভিবাসনসংক্রান্ত ৫ হাজার ৪৭০টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৭৬ হাজার ৬০৮ জনের কাগজপত্র ও বৈধতা যাচাই করা হয়।
বিদেশিদের ঘনবসতি নিয়ে জনমনে উদ্বেগের বিষয়টি উল্লেখ করে শামছুল আনোয়ার নাসারাহ বলেন, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে নজরদারি ও অভিযান আরও বাড়ানো হয়েছে। এ সময় বিদেশি শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, পাইকারি বাজার এবং আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে মোট ২ হাজার ৫২৮টি পরিদর্শন করা হয়েছে।
এ ছাড়া অবৈধ কর্মকাণ্ড দমনে মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, স্থানীয় সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে ৪৭০টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বিদেশিদের অবৈধ ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আরও ৭১টি বিশেষ অভিযানও চালানো হয়েছে।