
অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচের পর রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শাস্তির মুখে পড়তে পারেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। ম্যাচ পরিচালনা নিয়ে প্রকাশ্যে ‘চুরি’র অভিযোগ তোলায় তার বিরুদ্ধে তিন ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানা গেছে।
ম্যাচ শেষে নিজের হতাশা লুকাননি এই ব্রাজিলিয়ান ফুটবলার। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা এক ধরনের চুরি। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। জিততে গেলে আমাদের তিন গুণ বেশি পরিশ্রম করতে হচ্ছে। অ্যাটলেটিকো কতগুলো ফাউল করেছে, আমি জানি না, কিন্তু রেফারি একটি হলুদ কার্ডও দেখাননি। বার্সার বিপক্ষে রেফারিদের মানদণ্ডটা কী, আমি সত্যিই বুঝতে চাই। বার্সার জয়ে তারা কেন যেন ভয় পায়, সেটাও জানতে চাই।’
এই ধরনের কঠোর ভাষায় রেফারিদের অভিযুক্ত করাকে গুরুতর অপরাধ হিসেবে দেখে উয়েফা। সংস্থাটির নিয়ম অনুযায়ী, রেফারিং নিয়ে ‘চুরি’ বা পক্ষপাতিত্বের অভিযোগ তুললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে সর্বোচ্চ তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে।
বার্সেলোনার এই তারকার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ফুটবল দুনিয়ায়। এখন দেখার বিষয়, তার এই ক্ষোভের মূল্য তাকে মাঠের বাইরে থেকেই দিতে হয় কি না।