
কোপা সুদামেরিকানার ম্যাচ শেষে ভক্তের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার, যখন সান্তোস ১-১ গোলে ড্র করে দেপোর্তিভো রিকোলেতার সঙ্গে এবং ম্যাচ শেষে দুয়োধ্বনির মধ্যেই মাঠ ছাড়তে হয় তাকে।
মঙ্গলবারের (১৪ এপ্রিল) এই ম্যাচে সান্তোসের একমাত্র গোলটি করেন নেইমার। ইনজুরি কাটিয়ে ফেরার পর এটি তার প্রথম গোল, আর দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় দীর্ঘ ১৪ বছর পর আবার গোলের দেখা পান তিনি। সর্বশেষ তিনি গোল করেছিলেন ২০১২ সালে কোপা লিবার্তাদোরেসের আসরে। তবে তার এই প্রত্যাবর্তনের গোল দলকে জয়ের আনন্দ এনে দিতে পারেনি।
ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে নেইমার বলেন, দল কিছু ভুল করেছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে তারা ভালো খেলেছে এবং বেশ কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছে। সমর্থকদের হতাশা তিনি বোঝেন বলেও জানান, তবে ফুটবলে এমন পরিস্থিতি অস্বাভাবিক নয় বলেই মনে করেন তিনি।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে মাঠ ছাড়ার সময়ের একটি ঘটনা। টানেলে যাওয়ার পথে এক ভক্ত তাকে ‘মোটা’ বলে কটাক্ষ করেন এবং আরও অনুশীলনের পরামর্শ দেন। শুরুতে এগিয়ে গেলেও পরে ফিরে এসে নেইমার সেই ভক্তকে জবাব দেন। তিনি জানান, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এবং ভক্তকে তার ‘মুহূর্ত’ উপভোগ করতে দেন।
এদিকে দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা সত্ত্বেও নেইমার চতুর্থ বিশ্বকাপে খেলার লক্ষ্য ঠিক রেখেছেন। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি ব্রাজিলের জার্সিতে খেলেননি। গত ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দ্রুত মাঠে ফেরার জন্য আরও একটি ছোট অপারেশনও করান। এখন সামনে তাকিয়ে আছেন বড় মঞ্চে ফেরার দিকে, যেখানে কোচ কার্লো আনচেলত্তি তার ওপর আস্থা রাখবেন বলেই প্রত্যাশা।