
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন জাতীয় দলের উন্নয়নে নতুন বিদেশি কোচ হিসেবে জাপানের ইউতাকা নাকানো–কে নিয়োগ দিয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) মধ্যরাতে তিনি ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে ফেডারেশন। দুই বছরের চুক্তিতে তিনি জাতীয় সিনিয়র ও যুব দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফেডারেশন জানিয়েছে, নাকানোর দায়িত্বের মধ্যে থাকবে জাতীয় ও যুব দলের আধুনিক প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি, খেলোয়াড় বাছাই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৌশলগত দিকনির্দেশনা প্রদান এবং খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ।
আগামী কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপসহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালানো হবে।
১৮ এপ্রিল থেকে জাতীয় র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড়দের নিয়ে এশিয়ান গেমসের সিলেকশন ক্যাম্প শুরু হবে।
ইউতাকা নাকানো একজন সাবেক জাপানি খেলোয়াড় এবং অভিজ্ঞ কোচ। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে কোচিং করেছেন এবং ২০২২ সালে বাংলাদেশে ক্লাব পর্যায়েও কাজ করেছেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতায় দেশের টেবিল টেনিস আন্তর্জাতিক পর্যায়ে আরও উন্নতি করবে।