
ক্রিকেট মাঠে যাদের একসময় শুধু সহায়ক ভূমিকায় দেখা যায়, তাদের নিয়েই এবার ভিন্ন এক বার্তা দিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ‘বল বয়’ শব্দের বদলে তরুণদের নতুন পরিচয়ে ডাকতে চেয়েছেন ‘ফিউচার স্টারস’ বলে।
নিজের পোস্টে তামিম লিখেছেন, ‘বল বয়’ শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ‘ফিউচার স্টার্স’। আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। তিনি আরও লিখেছেন, ‘আমিও একসময় ওদের মতোই ছিলাম, আমিও ছিলাম একজন বল বয়।’
তামিমের এই বার্তায় উঠে এসেছে ক্রিকেটের তৃণমূল থেকে উঠে আসার এক ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ভূমিকাটিকেই তিনি দেখছেন ভবিষ্যতের বড় ক্রিকেটারের প্রথম ধাপ হিসেবে।
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় দলের সাবেক এই অধিনায়কের এমন বার্তা তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যারা মাঠের কাজের মাধ্যমে ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে ভবিষ্যতে বড় স্বপ্ন দেখছে।
তামিমের এই পোস্ট এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে, যেখানে অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন তরুণদের প্রতি এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য।