
চট্টগ্রামে বড় লক্ষ্য তাড়া করলেও সহজ ছিল না উইকেট, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য টপকে ৬ উইকেটে জয় পাওয়ার পর ম্যাচের বাস্তবতা তুলে ধরেন তিনি।
ম্যাচ শেষে ব্রডকাস্ট সাক্ষাৎকারে লিটন বলেন, এই মাঠে ১৮০ রানের বেশি স্কোর সবসময়ই চ্যালেঞ্জিং। তার ভাষায়, ‘এই মাঠে ১৮০+ অনেক বড় সংগ্রহ। উইকেট অত সহজ ছিল না, কিছুটা মন্থর ছিল। পাওয়ারপ্লেতে বড় রান পেলে তাড়া করা সহজ হতো।’ তিনি আরও জানান, মাঝের ওভারে ইমন, হৃদয় ও শামীমের ব্যাটিংই ম্যাচের গতি বদলে দেয়।
বাংলাদেশের ইনিংসে শুরুটা ভালো না হলেও তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটিতে ম্যাচে ফিরে আসে দল। পরে শামীম পাটোয়ারির ফিনিশিংয়ে সহজ হয়ে যায় সমীকরণ।
লিটন আরও বলেন, ব্যাটিং দেখতে সহজ মনে হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন ছিল। তবে চাপের মধ্যেও ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলায় জয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ম্যাচসেরা তাওহিদ হৃদয় জানান, উইকেট ব্যাটিংয়ের জন্য খারাপ ছিল না, তবে পরিস্থিতি বুঝে খেলাটাই ছিল মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, রান দরকার ছিল বলে ঝুঁকি নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এবং সেই সিদ্ধান্তই ম্যাচ ঘুরিয়ে দেয়।
এর আগে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান তোলে। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে হৃদয় ও ইমন ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, আর বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিশাদ হোসেনসহ কয়েকজন বোলার।
সব মিলিয়ে চাপের ম্যাচে পরিকল্পিত ব্যাটিং আর সময়োচিত আক্রমণেই সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ।