
ব্যাট হাতে বিস্ফোরক পারফরম্যান্সে চলতি আইপিএলের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই রাজস্থান রয়্যালসের হয়ে এমন দাপুটে ব্যাটিং করছেন, যা নিয়ে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। তবে মাঠের প্রশংসার মাঝেই এবার নতুন বিতর্কে জড়িয়েছে এই কিশোর ক্রিকেটারকে ঘিরে পুরো আইপিএল আয়োজন।
কর্ণাটকের এক সমাজকর্মী অভিযোগ তুলেছেন, অপ্রাপ্তবয়স্ক এক কিশোরকে কোটি টাকার পেশাদার লিগে খেলানো আসলে ‘শিশুশ্রমের আধুনিক রূপ’। এ ঘটনায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
একটি আঞ্চলিক টেলিভিশন আলোচনায় সমাজকর্মী সিএম শিবকুমার নায়েক দাবি করেন, বৈভব এখনো স্কুলপড়ুয়া বয়সে রয়েছে। তার ভাষায়, ‘১৫ বছরের একটি শিশুকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক প্রতিযোগিতায় নামানো উদ্বেগজনক। এই বয়সে তার মাঠের চাপ নয়, শিক্ষাজীবন ও স্বাভাবিক বেড়ে ওঠার দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল।’
তিনি আরও অভিযোগ করেন, বড় ফ্র্যাঞ্চাইজিগুলো কিশোর প্রতিভাকে ব্যবহার করে ব্যবসায়িক সুবিধা নিচ্ছে। বিষয়টি শিশু অধিকার ও শ্রম আইনের দৃষ্টিকোণ থেকেও প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে ক্রিকেট প্রশাসনের নিয়ম অনুযায়ী বৈভবের আইপিএলে খেলার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিধিতে বলা হয়েছে, কোনো খেলোয়াড়ের বয়স ১৫ বছর পূর্ণ হলে সে আন্তর্জাতিক ম্যাচ বা অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আসরে অংশ নিতে পারে। বিশেষ প্রতিভাবান খেলোয়াড়দের ক্ষেত্রে আরও কম বয়সেও বিশেষ অনুমতির সুযোগ রয়েছে।
ভারতের ক্রিকেট বোর্ডের নিয়মেও প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতা থাকলে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি রয়েছে। বৈভব খুব অল্প বয়সেই রঞ্জি ট্রফিতে অভিষেক করায় সেই শর্তও পূরণ করেছেন।
তবু বিতর্ক থামছে না। কারণ, ক্রিকেটবিশ্বে প্রতিভা বিকাশের নামে অল্প বয়সীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে কি না, সেই প্রশ্ন আবারও সামনে এসেছে। কোটি টাকার লিগ, তীব্র প্রতিযোগিতা, প্রচারণার চাপ এবং তারকাখ্যাতির ঝলকানির মধ্যে একজন কিশোর মানসিকভাবে কতটা নিরাপদ, সেটি নিয়েও আলোচনা শুরু হয়েছে।
সব বিতর্কের মাঝেও মাঠে দুর্দান্ত ছন্দে আছেন বৈভব সূর্যবংশী। চলতি আইপিএলে ১০ ম্যাচে ইতোমধ্যে ৪০৪ রান করেছেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরিও। তার আগ্রাসী ব্যাটিংয়ে স্ট্রাইক রেট ছুঁয়েছে ২৩৭। এমন পারফরম্যান্সের পর ভারতের জাতীয় দলেও তাকে দ্রুত সুযোগ দেওয়ার দাবি উঠেছে। ক্রিকেট মহলে আলোচনা রয়েছে, আগামী জুনে আয়ারল্যান্ড সিরিজেই হয়তো জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে এই বিস্ময় বালককে।