
বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে আলোচনা দিন দিন বাড়ছেই। গতি, আগ্রাসন আর ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যে আলাদা করে নজর কাড়তে শুরু করেছেন এই ডানহাতি পেসার। এবার তাকে নিয়ে প্রকাশ্য প্রশংসা করলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান দলের সংবাদ সম্মেলনে এসে শাহিন বলেন, নাহিদ রানা শুধু সম্ভাবনাময় ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারেন। তার মতে, এমন পেসারকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ অনেক বড় সুবিধা পাবে।
শাহিন জানান, ওয়ানডে সিরিজের আগেই বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে নাহিদকে নিয়ে তার আলোচনা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। বাংলাদেশ যদি তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সে আরও ভয়ংকর বোলার হয়ে উঠবে।’
তবে প্রশংসার মাঝেও হালকা রসিকতা করতে ভোলেননি পাকিস্তানি এই পেসার। তিনি বলেন, নাহিদ এখন দুর্দান্ত ছন্দে থাকলেও পাকিস্তানের বিপক্ষে যেন খুব বেশি প্রভাব ফেলতে না পারেন, সেটাই তারা চাইবেন।
সাম্প্রতিক সময়ে সাদা বল ও লাল বল, দুই সংস্করণেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন নাহিদ। বিশেষ করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার গতি ও নিয়ন্ত্রিত বোলিং আলাদা করে নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। বাংলাদেশের পেস আক্রমণে দীর্ঘদিন যে ধারাবাহিক গতি ও ভয় ধরানো উপস্থিতির অভাব ছিল, নাহিদকে ঘিরে সেই ঘাটতি পূরণের স্বপ্ন দেখছেন অনেকে।
এদিকে বাংলাদেশ সফরে এসে আগের টেস্ট সিরিজের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন শাহিন আফ্রিদি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অতীত নিয়ে পড়ে থাকতে চান না তারা। পাকিস্তানের লক্ষ্য এখন আরও বড় জায়গায়।
তার ভাষায়, শুধু একটি সিরিজ জেতা নয়, পুরো দল এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে। সেই লক্ষ্য সামনে রেখেই নিজেদের প্রস্তুত করছে পাকিস্তান দল।