
অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে ছিলেন দারুণ সক্রিয়। ১০টি সফল ড্রিবল, প্রতিপক্ষের বক্সে ১৪ বার বল স্পর্শ—সবই ছিল, শুধু গোলটাই পাওয়া হয়নি লামিন ইয়ামালের। তবে ব্যক্তিগত হতাশার চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন স্পেনের এই তরুণ ফরোয়ার্ড।
অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে স্পেন। ২০১০ সালের পর নকআউট পর্বে দলের প্রথম জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ইয়ামাল।
ম্যাচের শেষ দিকে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। বেঞ্চে ফেরার সময় তার মুখে কিছুটা হতাশার ছাপ দেখা যায়। অনেকের ধারণা ছিল, গোল না পাওয়ার আক্ষেপই হয়তো তার সেই অভিব্যক্তির কারণ।
তবে ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন স্প্যানিশ তারকা।
ইয়ামাল বলেন, “হ্যাঁ, আমি গোল করতে পারিনি। কিন্তু আমি খুবই খুশি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জয় পাওয়া। আমরা শুরু থেকেই জানতাম, ডালাসে গিয়ে শেষ ষোলোতে খেলতে চাই। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে উপস্থিত স্প্যানিশ সমর্থকদের কাছ থেকেও পেয়েছেন অসাধারণ সমর্থন। বারবার তার নাম ধরে স্লোগান দিতে দেখা যায় দর্শকদের।
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়ামাল বলেন, “তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।”
আগামী সোমবার ডালাসে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে স্পেনের প্রতিপক্ষ হবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ে আবারও নজর থাকবে ইয়ামালের দিকেই।