
বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল ও আর্জেন্টিনার সহযোগিতা কামনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে দুই ফুটবল পরাশক্তির মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩ জুলাই) সকালে রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত এটিজেএফবি ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশের ফুটবল ও সামগ্রিক ক্রীড়ার উন্নয়নে সরকার ‘স্পোর্টস ডিপ্লোমেসি’কে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
আমিনুল হক বলেন, বাংলাদেশের ফুটবল একদিন ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে তারা আশাবাদী। সেই লক্ষ্য সামনে রেখে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার ইসলাম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক ও ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ বিভিন্ন এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্রাজিল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতরা এমন আয়োজনকে স্বাগত জানান। বাংলাদেশে তাদের দেশের ফুটবল দলের বিপুল সংখ্যক সমর্থক দেখে তারা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।