
বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও মানবিক দায়িত্বের কথা ভুলে যাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলার মানুষের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের প্রতিও প্রকাশ করেছেন সহমর্মিতা।
গত ২৬ জুন ভেনিজুয়েলায় স্বল্প সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ দুর্যোগে প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত ও গৃহহীন হয়েছেন।
এই ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেসি বলেন, "ভেনিজুয়েলার সব মানুষের প্রতি আমি অনেক ভালোবাসা পাঠাতে চাই। আমরা জানি তারা এখন কত ভয়াবহ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতি আমাদের সর্বোচ্চ সমর্থন জানাতে চাই।"
নিখোঁজ স্বজনদের খুঁজে ফেরাদের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, "যারা অনেক কষ্টে আছে, যারা তাদের প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের সবার প্রতি আমি আমার সমর্থন জানাতে চাই।"
সবশেষে ভেনিজুয়েলার জনগণের প্রতি সাহস ও শক্ত থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, "এখান থেকে ভেনিজুয়েলার সব মানুষের জন্য অনেক শক্তি ও ভালোবাসা রইল।"
এদিকে শুধু মেসিই নন, তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। দুর্যোগে সবকিছু হারানো এক শিশুকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তায় রোনালদো বলেন, "আমি চাই তুমি আমার একটি ম্যাচ দেখতে আসো।"
বিশ্ব ফুটবলের দুই মহাতারকার এমন মানবিক উদ্যোগ দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।