
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়েছে জিম্বাবুয়ে। হারারো স্পোর্টস ক্লাবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে এগোতে পারেনি স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৮ রান।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ইনিংসের শুরু থেকেই তারা ধাক্কা খায়। ওপেনার ব্রায়ান বেনেট মাত্র ৬ রান করে বিদায় নেন। আরেক ওপেনার বেন কারেনও সুবিধা করতে পারেননি; তিনি আউট হন ২ রান করে।
শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরও একটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় স্বাগতিকরা। অধিনায়ক ক্রেইগ আরভিন ২০ বল মোকাবিলা করে মাত্র ৫ রান করে ফিরে যান। ফলে ১৩ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২৭ রান।
কঠিন পরিস্থিতিতে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন ওয়েসলি মাধেভেরে ও ইনোসেন্ট কাইয়া। দুজন মিলে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছিলেন। তবে সেই জুটি বেশিদূর এগোতে দেননি তাসকিন আহমেদ। তার খাটো লেংথের বল পুল করতে গিয়ে টপ এজ তুলে কাইয়া ক্যাচ দেন। আউট হওয়ার আগে তিনি ২৫ রান করেন।
এরপর ছয় নম্বরে নেমেও বড় ইনিংস খেলতে পারেননি সিকান্দার রাজা। উইকেটে কিছুটা সময় কাটালেও ২৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ফলে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণে থেকেই এগোচ্ছে ম্যাচ।