
দাম্পত্য জীবনের প্রথম ঠিকানার সঙ্গে সম্পর্ক আরও গভীর করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির অবশিষ্ট অংশও কিনে নিয়েছেন তিনি, যেখানে স্ত্রী গৌরী খানের সঙ্গে বিয়ের পর নতুন সংসার শুরু করেছিলেন। ফলে এখন পুরো ভবনটির একক মালিক শাহরুখ খান।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মানিকন্ট্রোলের তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিকানা আগে থেকেই শাহরুখ খানের কাছে ছিল। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে তিনি দ্বিতীয় ও তৃতীয় তলাও অধিগ্রহণ করেছেন। এর মাধ্যমে পুরো ভবনের মালিকানা এখন তার হাতে এসেছে।
প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই এলাকার জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুট প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি।
এই বাড়ির গুরুত্ব শাহরুখ ও গৌরীর কাছে কেবল একটি সম্পত্তি হিসেবে নয়, বরং জীবনের এক গুরুত্বপূর্ণ স্মৃতির অংশ হিসেবেও। ১৯৯১ সালে বিয়ের পর তারা এই বাড়িতেই সংসার শুরু করেছিলেন। তখনও শাহরুখের বলিউডে অভিষেক হয়নি এবং মুম্বাইয়ে স্থায়ী হওয়ার সিদ্ধান্তও নেননি।
পরবর্তীতে অভিনয়জীবনের টানে মুম্বাইয়ে পাড়ি জমান শাহরুখ। একের পর এক সফল সিনেমার মাধ্যমে তিনি ভারতের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হলেও দিল্লির এই বাড়ি তাদের জীবনের শুরুর দিনের স্মৃতিকে আজও বহন করে চলেছে।
গৌরী খানও বিভিন্ন সময় সাক্ষাৎকারে এই বাড়ির প্রতি নিজের আবেগের কথা জানিয়েছেন। পরিবারের সদস্যদের কাছাকাছি থাকার স্মৃতি এবং ব্যক্তিগত মুহূর্তগুলো ধরে রাখতে তিনি বাড়িটিকে বিশেষভাবে সাজিয়েছেন।
এক সাক্ষাৎকারে গৌরী জানান, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে ‘নস্টালজিয়া ওয়াল’। সেখানে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খানের শৈশবের বিভিন্ন স্মারক, শাহরুখ খানের আঁকা ছবি, পোস্টকার্ড, পুরোনো সংগ্রহ এবং পরিবারের প্রিয় উপহার সংরক্ষণ করে রাখা হয়েছে।