
বিশ্বকাপের শিরোপা জয়ের গৌরব এবার নতুন এক ঐতিহ্যেরও সূচনা করতে যাচ্ছে। আগামী রোববার (১৯ জুলাই) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ীরা সোনালি ট্রফি ও পদকের পাশাপাশি প্রথমবারের মতো পাবেন বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে আমেরিকান ক্রীড়া সংস্কৃতির এই জনপ্রিয় স্বীকৃতি। এনবিএ ও এনএফএলের মতো প্রতিযোগিতায় দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক আংটি দেওয়ার প্রচলন রয়েছে। এবার সেই প্রথাই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে যুক্ত করা হচ্ছে।
২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি বিশেষ সংস্করণের রিং তৈরি করা হয়েছে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর। এর মধ্যে ৩০টি রিং বিজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ১ হাজার ৯৯৬টি ফিফার অনুমোদিত লাইসেন্সড পণ্য হিসেবে বিশ্বের ফুটবল সমর্থকদের জন্য উন্মুক্ত করা হবে।
হাতে তৈরি এই স্মারক আংটির এক পাশে খোদাই থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি। অন্য পাশের নকশা হবে শিরোপাজয়ী দলের ইতিহাস ও পরিচয়কে কেন্দ্র করে। প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে সত্যতা নিশ্চিতকারী একটি ‘সার্টিফিকেট অব অথেনটিসিটি’।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকীভাবে দুটি রিং তুলে দেওয়া হবে। পরে দলের অন্যান্য সদস্যদের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে মোট ৩০টি রিং আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হবে।