
বিশ্বকাপের শিরোপা উঠেছে স্পেনের হাতে, কিন্তু ম্যাচ শেষের পর সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে ট্রফি নয়, বরং লামিন ইয়ামাল ও লিওনেল মেসির একটি আলিঙ্গন। একদিকে নতুন বিশ্বচ্যাম্পিয়নের উচ্ছ্বাস, অন্যদিকে বিদায়ী বিশ্বকাপ শেষে কিংবদন্তির নীরব হতাশা—দুই প্রজন্মের সেই মুহূর্ত কোটি ফুটবলপ্রেমীর আবেগ ছুঁয়ে গেছে।
রোববার (১৯ জুলাই) অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। শেষ বাঁশি বাজার পর যখন স্প্যানিশ ফুটবলাররা শিরোপা উদযাপনে ব্যস্ত, তখন সতীর্থদের ছেড়ে মাঠের এক কোণে বসে থাকা লিওনেল মেসির দিকে এগিয়ে যান ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল।
ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপের ফাইনাল হারের হতাশায় তখন ডুবে ছিলেন ৩৯ বছর বয়সী মেসি। ইয়ামাল সামনে গিয়ে দাঁড়াতেই উঠে দাঁড়ান আর্জেন্টাইন অধিনায়ক। এরপর দুজন একে অপরকে আলিঙ্গন করেন এবং কিছুক্ষণ ব্যক্তিগতভাবে কথা বলেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কেউই মুখ খোলেননি। মুহূর্তটির ছবি ও ভিডিও প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই দৃশ্য আরও বেশি আবেগঘন হয়ে ওঠে প্রায় দুই দশক আগের একটি স্মৃতির কারণে। ২০০৭ সালে ইউনিসেফের একটি ফটোশুটে শিশু লামিন ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সময়ের পরিক্রমায় সেই শিশুই বিশ্বকাপ ফাইনালে নিজের শৈশবের আদর্শকে হারিয়ে শিরোপা জিতেও প্রথমে ছুটে যান তাকে সম্মান ও সান্ত্বনা জানাতে। ফুটবলপ্রেমীদের অনেকেই এই মুহূর্তকে ‘এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে মশাল হস্তান্তরের’ প্রতীক হিসেবে দেখছেন।
যদিও ম্যাচ শেষে এই আলিঙ্গন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি মেসি বা ইয়ামাল।
তবে ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছিলেন মেসি। তিনি বলেছিলেন, ‘ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওর সামনে অসাধারণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। ওর জন্য শুভকামনা রইল। তবে ফাইনালে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন ওর সেরা খেলাটা খেলতে না পারে।’
২০০৭ সালের সেই ছবির প্রসঙ্গ টেনে মেসি আরও বলেন, ‘ছবিটা সত্যিই অবিশ্বাস্য। জীবন কত অদ্ভুতভাবে ঘুরে দাঁড়ায়।’
ফাইনালের ফল স্পেনের পক্ষে গেলেও ম্যাচ-পরবর্তী এই সংক্ষিপ্ত আলিঙ্গনই ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে স্মরণীয় ও মানবিক মুহূর্তগুলোর একটি হয়ে উঠেছে। একই ফ্রেমে ধরা পড়েছে এক কিংবদন্তির বিদায়ের আবেগ এবং নতুন এক ফুটবল যুগের সূচনার প্রতীকী ছবি।