
ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পর এবার বিনোদন জগতে নতুন অধ্যায় শুরু করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষভাগে এসে কিংবদন্তি এই পর্তুগিজ তারকা যুক্ত হচ্ছেন একটি টেলিভিশন ড্রামা সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে। শুধু পর্দার পেছনেই নয়, ক্যামেরার সামনেও বিশেষ উপস্থিতি থাকবে তার।
ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো। এই প্রকল্পে তার সঙ্গে রয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।
নতুন উদ্যোগ নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’
সিরিজটি নির্মাণে রোনালদোর অংশীদার হয়েছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন, যিনি ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে পরিচিত। চলতি বছর দুজন মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেছেন।
রোনালদোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছেন, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। জনপ্রিয় কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’-র মতো হালকা বিনোদনের পরিবর্তে এখানে ফুটবলের কঠিন বাস্তবতা, তীব্র প্রতিযোগিতা, ব্যবসায়িক দিক এবং পর্দার আড়ালের নানা ঘটনা তুলে ধরা হবে। ইতোমধ্যে ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
দ্য সানের এক সূত্রের দাবি, সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা হতে পারে। কারণ, প্রকল্পটির সঙ্গে যুক্ত তারকাদের উপস্থিতি এটিকে ইতোমধ্যেই বহুল আলোচিত ও মর্যাদাপূর্ণ প্রযোজনায় পরিণত করেছে। বিশেষ করে নাট্যপ্রযোজনায় রোনালদোর সম্পৃক্ততা বিনোদন অঙ্গনে নতুন আগ্রহ তৈরি করেছে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটন, যিনি একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।