
একাধিক নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই কঠিন অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। তবে এই অনুপস্থিতিকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েই নির্বাচিত দল নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার না থাকায় সফরটি কঠিন হয়ে উঠলেও, খেলাধুলায় এমন পরিস্থিতি স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
হাবিবুল বাশার বলেন, "স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী হবে না সবসময়। আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, হতাশাজনকও। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইঞ্জুরি হলে তো কিছু করার নেই।"
তিনি জানান, দল ঘোষণার পর এখন আর অনুপস্থিতি নিয়ে ভাবতে চান না। নির্বাচিত ক্রিকেটারদের নিয়েই সেরাটা করার লক্ষ্য তাদের।
বাশার বলেন, "বেশি চিন্তা এখন আর করতে চাই না। যেহেতু দল দিয়ে দিয়েছি। যারা ছিল ওদের নিয়ে সম্ভাব্য সেরা দলই গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করব।"
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজকে ক্রিকেটারদের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। তার মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্স একজন ক্রিকেটারের ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব বহন করে।
তিনি বলেন, "আমি কাউকে ছোট করছি না। তবে জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি অনেক তফাৎ। ক্যারিয়ার হাইলাইট হয়।"
বাশারের ভাষায়, "অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করলে বা ৫ উইকেট পেলে ক্যারিয়ারে হাইলাইট হবে। বলতে পারবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছি বা ৫ উইকেট পেয়েছি। সবার মনের মধ্যে থাকে আমি যেন ক্যারিয়ার শেষে মনে রাখার মতো কিছু করতে পারি। এটা সেই সিরিজ।"