
ডারউইনে বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হারের ধাক্কা সামলাতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ঘরের মাঠে এমন পারফরম্যান্সে হতাশ কোচ স্বীকার করেছেন, দল নিজেদের মান ধরে রাখতে পারেনি।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। তিনি বলেন, ‘আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।’
আইসিসি টেস্ট র্যাংকিং ও চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমেছিল বাড়তি আত্মবিশ্বাস নিয়ে। কিন্তু মাঠের পারফরম্যান্সে স্বাগতিকদের সেই দাপটের কোনো ছাপ দেখা যায়নি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনেই বাংলাদেশের পেসার হাসান মাহমুদের তোপে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। হাসান একাই নেন ৬ উইকেট। এরপর অস্ট্রেলিয়ার বোলাররাও বাংলাদেশকে চাপে ফেলতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে ৪২৮ রান করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেয়।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ক্যামেরন গ্রিনের লড়াকু শতকে সেই লজ্জা এড়ায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৫৭ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।
ছোট সেই লক্ষ্য সহজেই পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ।
দলের এমন পারফরম্যান্সে হতাশ ও বিস্মিত ম্যাকডোনাল্ড বলেন, ‘এই টেস্টে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। এ ধরণের উইকেটে দুই ইনিংস মিলিয়ে ৫শ রানের কম করার মানে হচ্ছে, আমাদের অবশ্যই অনেক উন্নতি করতে হবে। এটা মেনে নেওয়া কঠিন। আমরা নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।’
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সমালোচনা শুরু হলেও এখনই আবেগের বশে বড় পরিবর্তনের পথে হাঁটতে চান না কোচ। ম্যাকডোনাল্ড বলেন, ‘একটা ম্যাচ হারলেই আবেগপ্রবণ হয়ে সব বদলে ফেলা খুব সহজ কাজ। কিন্তু আমরা সেভাবে সিদ্ধান্ত নিতে চাই না। দল নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করব। কোন পরিকল্পনায় খেললে দল সাফল্য পাবে। দলে পরিবর্তন আনলে যদি সাফল্য আসে তবে সেই পথেও হাঁটবো আমরা।’
প্রথম টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন ম্যাকডোনাল্ড। তবে বাংলাদেশের বর্তমান আত্মবিশ্বাস ও ছন্দ অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন তিনি।
ম্যাকডোনাল্ড বলেন, ‘প্রথম টেস্ট অতীত হলেও, ঐ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমার বিশ্বাস ভুল শুধরে নিয়ে পরের টেস্টেই দল সাফল্যের ধারায় ফিরবে। তবে কাজটি সহজ হবে না। কারণ বাংলাদেশ দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দুর্দান্ত ছন্দে আছে। এমন দলকে হারাতে হলে শতভাগ ভালো ক্রিকেট খেলতে হবে।’
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া।