
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার পাঁচ সদস্যকে শাস্তি দিয়েছে ফিফা। শাস্তির আওতায় পড়েছেন দলের চার ফুটবলার ও একজন কর্মকর্তা। একই সঙ্গে নিজেদের পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের অর্ধেক দর্শক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে।
ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। নাহুয়েল মোলিনাকে দেওয়া হয়েছে সাত ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৯০ হাজার ডলার জরিমানা।
অন্যদিকে থিয়াগো আলমাদা ও পাবলো মার্তিন গাভিরাকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দুজনকেই ৩০ হাজার ডলার করে জরিমানা দিতে হবে।
আর্জেন্টিনা দলের কর্মকর্তা রবার্তো আয়ালাও শাস্তির আওতায় পড়েছেন। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
শুধু খেলোয়াড় ও কর্মকর্তাদের ব্যক্তিগত শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ফিফার সিদ্ধান্ত। আর্জেন্টিনাকে নিজেদের পরবর্তী দুটি আন্তর্জাতিক হোম ম্যাচ স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে। অর্থাৎ, ওই দুই ম্যাচে গ্যালারির অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ফিফার শৃঙ্খলাবিধি ভঙ্গের দায়ে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, ক্রীড়াবহির্ভূত উদ্দেশ্যে কোনো ক্রীড়া আয়োজনকে ব্যবহার করে প্রদর্শনী করা, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির কারণে এএফএর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার তদন্ত শেষে এবার আর্জেন্টিনার খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সূত্র: বিবিসি স্পোর্ট