
ব্রাজিলের বিপক্ষে ভারতের আসন্ন প্রীতি ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। কলকাতায় হতে যাওয়া এই হাই-প্রোফাইল ম্যাচে বিপুল অর্থ ব্যয় না করে তা দেশের ফুটবলের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। এমনকি ম্যাচটি বয়কট করার জন্য ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বানও জানিয়েছেন ভুটিয়া।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ হতে পারে। ভুটিয়ার কাছে এই ব্যয় অপ্রয়োজনীয় বলেই মনে হচ্ছে।
৪২০ গ্রামসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভুটিয়া বলেন, ‘ব্রাজিলের ওই ম্যাচ বয়কট করুন। আমার মনে হয়, সেটাই হবে বড় একটি বার্তা। তখন প্রত্যেক আয়োজক ও ফেডারেশন দুবার ভাববে।’
এই অর্থ ভারতের ফুটবলের অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে বিনিয়োগ করা হলে দীর্ঘমেয়াদে বেশি সুফল পাওয়া সম্ভব বলে মনে করেন ভুটিয়া। একইভাবে পশ্চিমবঙ্গ সরকারকেও অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন তিনি। ভুটিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার যদি এই ম্যাচের জন্য অর্থ দেয় বা অর্থ সংগ্রহের চেষ্টা করে, তাহলে দয়া করে সেই অর্থ ব্যয় করুন, যাতে কমনওয়েলথ গেমসে পশ্চিমবঙ্গ পরবর্তী সময়ে আরও কয়েকটি স্বর্ণপদক জিততে পারে।’
ভুটিয়া আরও বলেন, ‘তাই যখন আপনার কাছে ৩০ কোটি রুপি আছে, সেটি পরবর্তী চার বছরে বিনিয়োগ করুন, যাতে কমনওয়েলথ গেমসে ১০টি পদক জেতা যায়। আমরা এখানে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছি। চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা যেন অলিম্পিকে গিয়ে পদক জিততে পারেন। অথবা ৩০ কোটি রুপি দিয়ে ১০০টি ফুটসাল মাঠ তৈরি করুন—সাতজনের খেলার ফুটসাল মাঠ। বিভিন্ন এলাকায় ১০০টি মাঠ তৈরি করা সম্ভব। অর্থটা যথাযথভাবে ব্যবহার করুন। একটি ৯০ মিনিটের ম্যাচে সব টাকা খরচ করে ফেলবেন না।’
ব্রাজিলের মতো দলের বিপক্ষে ম্যাচ ঘিরে ভারতে ব্যাপক আগ্রহ তৈরি হবে—এ কথা স্বীকার করেছেন ভুটিয়া। তবে তার মতে, এক ম্যাচের উত্তেজনার চেয়ে দীর্ঘমেয়াদি উন্নয়নকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তিনি বলেন, ‘ম্যাচটি হলে সবাই রোমাঞ্চিত হবে, দর্শকেরা আসবেন, গণমাধ্যম থাকবে, সরকারও খুশি হবে। কিন্তু ম্যাচটি হয়ে যাওয়ার পর আপনার টাকা শেষ, আর আপনার ফুটবল ২০ বছর পিছিয়ে থাকবে।’