
চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাব ইন্টারের বিপক্ষে এই জয় দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন মেয়াদও দারুণভাবে শুরু করলেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো।
রিয়ালের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে। ইন্টারের হয়ে ব্যবধান কমান কার্লোস অগুস্তো।
স্কোরলাইন রিয়ালের পক্ষে হলেও ম্যাচটি মোটেও স্বস্তিদায়ক ছিল না স্বাগতিকদের জন্য। অন্তত প্রথম ২০ মিনিটে ইন্টারই ছিল বেশি সক্রিয়। ম্যাচের তৃতীয় মিনিটে মার্কোস থুরামের হাফ ভলি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর হাকান চালহানোলুর ফ্রি-কিকও একইভাবে রুখে দেন তিনি।
তবে ১৪তম মিনিটে ইন্টারের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় রিয়াল। কার্টিস জোন্সের দুর্বল পাসে চাপে পড়ে যান ইয়ান বিসেক। ব্রাহিম দিয়াজ বলটি কেড়ে নিয়ে বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। বক্সের ভেতর থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল এমবাপ্পের ৭১তম গোল। এর মধ্য দিয়ে প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রিয়ালের কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছুঁয়ে ফেলেন তিনি।
প্রথম গোলের নয় মিনিট পর আবারও ইন্টারের ভুলের সুযোগ নেয় রিয়াল। বেনজামিন পাভারের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক জোসেপ মার্তিনেজ বল নিয়ে অযথা সময় নিলে দ্রুত ছুটে গিয়ে বল কেড়ে নেন ফেদেরিকো ভালভার্দে। এরপর সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন উরুগুইয়ান মিডফিল্ডার।
দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচ থেকে ছিটকে যায়নি ইন্টার। কার্টিস জোন্সের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। বিরতির আগে এমবাপ্পে, জুড বেলিংহাম ও ব্রাহিম দিয়াজ মিলে তৃতীয় গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি রিয়াল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে নেয় ইন্টার। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। জোন্সের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। লাউতারো মার্তিনেজও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি।
অন্যদিকে ইন্টারের গোলরক্ষক জোসেপ মার্তিনেজও প্রথমার্ধের ভুলের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। ৫৮ মিনিটে বেলিংহামের হেড এবং ৬৬ মিনিটে এমবাপ্পের শট পা দিয়ে ঠেকিয়ে দেন তিনি। পরে ব্রাহিম দিয়াজের বাঁকানো শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
অবশেষে ৭৭তম মিনিটে ব্যবধান কমায় ইন্টার। লাউতারো মার্তিনেজের চমৎকার ক্রস থেকে জোরালো শটে রিয়ালের জালে বল পাঠান কার্লোস অগুস্তো। ম্যাচের স্কোর তখন ২-১।
শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইন্টার। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণে চাপ তৈরি করলেও কোর্তোয়া ছিলেন দুর্দান্ত। শেষ মুহূর্তে হেনরিখ মখিতারিয়ানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের ১৪ মিনিটে করা গোলটি এমবাপ্পের জন্য ছিল বিশেষ মাইলফলক। ২৭ বছর বয়সী ফ্রান্স অধিনায়কের এটি চ্যাম্পিয়ন্স লিগে ৯৯ ম্যাচে ৭১তম গোল।
এই গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার সর্বকালের গোলদাতাদের তালিকায় রাউলের পাশে উঠে এসেছেন এমবাপ্পে। রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা রাউল ১৪২ ম্যাচে ৭১ গোল করেছিলেন।
এমবাপ্পের চেয়ে বেশি গোল রয়েছে কেবল চারজনের—ক্রিশ্চিয়ানো রোনালদো ১৪০, লিওনেল মেসি ১২৯, রবার্ট লেভানডভস্কি ১০৯ এবং করিম বেনজেমা ৯০।