
আগে একটি ক্লাব কিনেছেন লিওনেল মেসি। এবার স্পেনে আরও একটি ফুটবল ক্লাবের মালিক হতে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা নিতে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন ইন্টার মায়ামির এই তারকা। এমন খবর জানিয়েছে ইএসপিএন।
বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও একাধিক ক্লাবের মালিকানা রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে এলদেন্সের মালিকানা চূড়ান্ত হতে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি। চুক্তি সম্পন্নের আগে প্রয়োজনীয় যাচাই-বাছাই (ডিউ ডিলিজেন্স) শেষ করতে হবে। পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও প্রয়োজন হবে।
চুক্তি সম্পন্ন হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছরই তিনি বার্সেলোনার ক্লাব কর্নেয়া কিনেছেন। পঞ্চম বিভাগের এই ক্লাবটি অবশ্য এখনো আধা-পেশাদার পর্যায়ে রয়েছে।
এলদেন্সের মালিকানা নিলে মেসি স্পেনের একটি পেশাদার ফুটবল ক্লাবেরও মালিক হবেন।
বার্সেলোনা ও আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার এরই মধ্যে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের সঙ্গেও আংশিকভাবে যুক্ত।