
চীনের মাটিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে টানা চতুর্থ জয় পেল বাংলাদেশের মেয়েরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ২৬ মিনিটে কনা আক্তার করেন দলের তৃতীয় গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। দুই মিনিট পর ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন আইরিন আক্তার রিয়া।
ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশের ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মোসাম্মত লিমা।
চীনের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্স নারী হকির জন্য গুরুত্বপূর্ণ অর্জন। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।
এখন এলিট গ্রুপের কোনো দলের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।