
মৃত বন্ধু ডিয়েগো জোতাকে নিয়ে উপহাস করায় সৌদি প্রো লিগের একদল দর্শকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-হিলাল ও আল-তাআউনের ম্যাচে পর্তুগালের মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে ওই দর্শকদের কটূক্তির অভিযোগ ওঠে। ঘটনার সঙ্গে জড়িত দর্শকদের আজীবনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ এই তারকা।
‘ফুটবলেরও একটা সীমা আছে’
ঘটনার একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন রোনালদো। সেখানে তিনি বলেন, এ ধরনের আচরণের বিরুদ্ধে লিগ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত এবং সংশ্লিষ্ট দর্শকদের শাস্তি দেওয়া দরকার।
রোনালদোর মতে, ফুটবলেও আচরণের একটি সীমারেখা থাকা প্রয়োজন। যারা সেই সীমা অতিক্রম করে এ ধরনের আচরণ করেন, ভবিষ্যতে তাদের আর স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেওয়া উচিত নয়।
জাতীয় দলের সতীর্থ নেভেসের পাশে রোনালদো
রোনালদো ও রুবেন নেভেস পর্তুগাল জাতীয় দলের সতীর্থ। প্রয়াত ডিয়েগো জোতার সঙ্গেও দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন রোনালদো।
ফলে ক্লাব ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে বন্ধুকে নিয়ে এমন কটূক্তির ঘটনায় নেভেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের অধিনায়ক।
ম্যাচ চলাকালে গ্যালারি থেকে স্লোগান শুনে নেভেসকেও দর্শকদের উদ্দেশে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। প্রথমে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হাততালি দেন। এরপর আকাশের দিকে আঙুল তোলেন এবং নিজের চোখের দিকে ইশারা করে দর্শকদের উদ্দেশে বার্তা দেন।
ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান নেভেস। তিনি বলেন, ওই দর্শকদের এমন আচরণের পর যেন তারা আর প্রার্থনা করতে না যান—এটাই তার আশা।
তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি পর্তুগালের এই মিডফিল্ডার।
২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডিয়েগো জোতা। মাত্র ২৮ বছর বয়সে শেষ হয়ে যায় লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের এই ফরোয়ার্ডের জীবন।
ওই দুর্ঘটনায় জোতার ছোট ভাই আন্দ্রে সিলভাও মারা যান।